মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- ১ নভেম্বর ২০২৫ , ৮:৪৯:২২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের নিয়ে শনিবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সাংবাদিক সামিউল আলম। এছাড়াও উপজেলার কয়েকটি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে সমবায় কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান, বিরামপুর উপজেলায় বর্তমানে প্রায় ৯০টি নিবন্ধিত সমবায় সমিতি কার্যক্রম পরিচালনা করছে। তিনি সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও সামাজিক সাম্যের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, সমবায় সমিতির কার্যক্রম পরিচালনার সমিতির সভাপতি ও সম্পাদক সহ ব্যবস্থাপনা কমিটিকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। পাশাপাশি সমিতির সদস্যদের সমিতির প্রতি আস্থা অর্জন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সমবায় সমিতি গুলোকে সমবায় আইন ও নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটি, সমিতির সদস্য ও সদস্যাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের সমবায় দিবসের পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ঐক্যের বার্তা বহনকারী এক সুন্দর আয়োজন।




















