সারাদেশ

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা না হত্যাকাণ্ড?

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৯ নভেম্বর ২০২৫ , ৮:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে সানজিদা আক্তার লিপা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিপা ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে সানজিদার ঝুলন্ত দেহ দেখতে পান। তবে মরদেহের পা মাটিতে স্পর্শ করেছিল—এই দৃশ্য দেখে অনেকের মনে সন্দেহের উদ্রেক হয়। এলাকাবাসীর দাবি, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাব্বি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যা বলেন,“ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে লিপার মৃত্যুকে ঘিরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, “এত হাসিখুশি মেয়েটি নিজের জীবন নিতে পারে—এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়ের বিচার চাই।”

আরও খবর

Sponsered content