বিনোদন

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ মুহূর্ত’র আসল গল্প

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৮:৫২ প্রিন্ট সংস্করণ

আলোচনায় চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। শুরুটা হয় কয়েকটি ছবি ঘিরে। গুঞ্জন রটে, চুটিয়ে প্রেম করছেন এই দুই তারকা! যদিও তারা আগেই জানিয়েছেন- তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই।

ছবিগুলো ঘিরে যখন আলোচনা তুঙ্গে তখন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ। দেখা যায়, নদীর ধারে কাশবনের মাঝে ঐশীকে চুম্বন করছেন আরিফিন শুভ। এবার আলোচনার গতি বদলে যায়, ধারণা করা হয় এটি কোনো সিনেমার প্রচারণা।

অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জানা গেল, ভাইরাল হওয়া ভিডিওটি শুভ-ঐশীর বহুল আলোচিত সিনেমার একটি গানের। যার শিরোনাম ‘স্বপ্ন’। রায়হান রাফীর আলোচিত ‘নূর’ সিনেমার প্রথম গান এটি। সেই গানের কথাগুলো আলাদা করে পোস্ট দিয়েই আলোচনার জন্ম দিয়েছিলেন তারা। বলা যায়, পুরোটাই ছিল সিনেমার প্রচারণা।

গানের কথায় যেন ধরা পড়েছে অপেক্ষা, প্রেম আর হারানোর ভয়ের নিঃশব্দ কাঁপন। ইমরান মাহমুদুলের কণ্ঠে গানটির কথা লিখেছেন শফিক তুহিন। প্রকাশের পর থেকেই গানের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত।

খোঁজ নিয়ে জানা যায়, প্রেক্ষাগৃহে নয়, শিগগিরই ‘নূর’ মুক্তি পাচ্ছে বায়স্কোপ প্লাসে। রায়হান রাফী জানান, এক অদ্ভুত প্রেমের গল্পে দেখা যাবে শুভ-ঐশীকে, ‘নূর’ সিনেমাতে।