আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ১২:৩৫:২০ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর খান ওই গ্রামের ওয়াসিম খানের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন তানভীর। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি বজ্রপাত তার শরীরে আঘাত হানলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানাজ পারভীন সেতু তাকে মৃত ঘোষণা করেন।
তানভীরের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।















