সারাদেশ

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

  সাতক্ষীরা প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ১২:৩৭:১৪ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকা থেকে ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ২০০৭ সালে ওয়াহেদা সুলতানার বিয়ে হয়। তবে বিয়ের তিন মাস পর তার স্বামী মারা যান। এরপর থেকে তিনি একাই বসবাস করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ সীমিত ছিল বলে জানা গেছে।

স্বজনরা জানান, পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। সর্বশেষ গত ৩ জুন সন্ধ্যার পর তাকে বাড়ির সামনে একটি চায়ের দোকানে দেখা যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ঘরের ভেতরে বিছানার ওপর উপুড় অবস্থায় মৃত দেখতে পায়।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content