বিনোদন

এবার অপুর নায়ক সজল

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ২:০০:৪৮ প্রিন্ট সংস্করণ

সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সরকারি অনুদানের সিনেমা ‘শাপলা শালুক’র শুটিং শেষ করেছেন টিভি নাটকের অভিনেতা আবদুন নূর সজল। এটি নির্মাণ করছেন রাশেদা আক্তার লাজুক। বুবলীর পর এবার সজল জুটি বাঁধলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে।

‘দুর্বার’ সিনেমায় অপুর নায়ক হচ্ছেন সজল। আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে ‘দুর্বার’র শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

নির্মাতা ফুয়াদ বলেন, ‘এই সিনেমার গল্প হবে থ্রিলার ও মার্ডার- মিস্ট্রি ঘরানার। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে চাই না।’

নির্মাতা জানান, আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন করা হবে। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। আর এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা- আসছে কোরবানির ঈদে।

নির্মাতার ভাষায়, ‘আগে সিনেমার কাজ ভালোভাবে শেষ করতে চাই। তারপরই মুক্তির তারিখ ঘোষণা করব। ইচ্ছা আছে কোনো উৎসবে মুক্তি দেওয়ার। কোনো তাড়াহুড়ো করতে চাই না। দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দেওয়াই মূল লক্ষ্য।’

জানা গেছে, ‘দুর্বার’র রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন এর অভিনয়শিল্পীরা। পুরো প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর তাদের আনুষ্ঠানিক ফটোশুট হবে।

আরও খবর

Sponsered content