শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১:৪০:২৬ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা নাদিয়া সুলতানা, পুরস্কারপ্রাপ্ত অদম্য নারী নমিতা রাণী ও বিউটি রাণী বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তাঁর আদর্শ ও চেতনা ধারণ করে সমাজের প্রতিটি স্তরে নারী শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।














