প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ
রাজধানীর গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসা থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫ টা ১০ মিনিটে হাসপাতালে পৌঁছান তারা। অন্যদিকে গণসংবর্ধনায় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারেক রহমানও এভারকেয়ারের দিকে রওনা হয়েছেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছরের প্রবাসে নির্বাসিত জীবনের ইতি টেনে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাদের স্বাগত জানান।
বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
এরপর নির্ধারিত লাল-সবুজ রঙের একটি বাসে করে পূর্বাঞ্চলের তিনশ’ ফিটে আয়োজিত গণসংবর্ধনাস্থলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। লাখো মানুষ তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। দলীয় কর্মী আর উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট বা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এবং আশপাশের এলাকা। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাস ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।















