গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৯:০৪:৫৮ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) থেকে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জানান, প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
এ বিষয়ে মঞ্জুম আলী বলেন, “সামান্য ত্রুটির কারণে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ছোটখাটো ভুলত্রুটি এখানে সংশোধনের সুযোগ থাকবে, কিন্তু তা করা হয়নি। আমি প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করব। ইনশাআল্লাহ, আমার প্রার্থিতা ফিরে পাবো।”
প্রার্থিতা বাতিলের খবরে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে, মনোনয়নপত্র দাখিলকারী বাকি আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপির মোকাররম হোসেন সুজন,
জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী,
এনসিপির আল মামুন,
গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব,
ইসলামি আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা,
সমাজতান্ত্রিক (মার্কসবাদী) দলের আহসানুল আরেফিন,
ইসলামি ফ্রন্টের আনাস এবং
বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুল ইসলাম।




















