তানভীর সরদার , স্টাফ রিপোর্টার ৩ জানুয়ারি ২০২৬ , ৮:৪০:২২ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নে একদিনে অন্তত ৯ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভ্যাকসিন নিতে আসেন। তবে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
ভ্যাকসিন সংকটের কারণে অনেক রোগী বাধ্য হয়ে বাজারের ওষুধের দোকান থেকে ব্যয়বহুল ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
আহতরা হলেন—কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৬০), চাচড়া গ্রামের শিশু ইমাম মাহাদী (৫), জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের সুমন বিশ্বাস (৩২), শিকারপুর গ্রামের সাধনা বিশ্বাস (৩০), নাছোহাটি গ্রামের সৈয়দ আলী (৭৫), রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সাদ আলী (৬০), মোল্ল্যাকুয়া গ্রামের নজরুল ইসলাম (৬২), নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আরশ আলী (২২) এবং বড় রায়গ্রামের বিপ্লব হোসেনের শিশু কন্যা রাইসা (৩)। এদের মধ্যে একজন বিড়ালের কামড়ের শিকার বলেও জানা গেছে।
রোগীদের স্বজনরা জানান, কুকুরে কামড়ের পর দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে চাইলেও ভ্যাকসিন না থাকায় তারা হতাশ হন। পরে বাধ্য হয়ে বাইরে থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, “কুকুরে কামড়ের ঘটনায় ৯ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভ্যাকসিনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”














