জাতীয়

২০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত, রাতে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই

  ডেস্ক রিপোর্ট : ৯ জানুয়ারি ২০২৬ , ২:৫৫:১৮ প্রিন্ট সংস্করণ


সারা দেশে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ২০ জেলায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হতে পারে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর

Sponsered content