মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২২:০১ প্রিন্ট সংস্করণ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হলেও রংপুর নগরীর কেন্দ্রগুলোতে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে পারে ভোটারের সংখ্যা বলে মন্তব্য করেন প্রিসাইডিং অফিসার।
যদিও নগরীর তুলনায় গ্রামাঞ্চলের কেন্দ্রগুলোতে কিছুটা বেশি ভোটার ভোট দিচ্ছেন বলে জানা গেছে।
বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রংপুর বিভাগের ৩৩টি নির্বাচনি আসনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নগরীর গুপ্তপাড়া সালেমা উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সেনপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মোসলেম উদ্দিন, আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী সমর্থকদের ভিড় থাকলেও কেন্দ্রের ভেতরে কোনো ভোটার লাইন নেই। ধীর গতিতে আসছে ভোটাররা। ধীর গতিতে মহিলা ভোটাররা আসলেও পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে কম লক্ষ্য করা গেছে।
সালেমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, তার কেন্দ্রে মোট ভোটার ৪০৯৬ জন। দুপুর ১২.৩০টা পর্যন্ত সারে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৪০০। আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪৩৯৮ জন। একই সময়ে ৪০০ ভোটার ভোট দিয়েছেন বলে জানান প্রিসাইডিং অফিসার।
মোসলেম উদ্দিন বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৪২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২১৮ জন এবং মহিলা ভোটার ২০৪৫ জন। এই কেন্দ্রে ৩০০ ভোট পড়েছে। কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি ভালো ছিল। এখন একটু কম। হয়ত ১টার পরে এই উপস্থিতি বাড়বে। কোনো আশঙ্কা নেই। ভোটের পরিবেশ ভালো।
সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থীদের বুথ করা হয়েছে। সেই বুথ থেকে ভোটারদের স্লিপ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, রিকশা ও ব্যাটারিচালিত রিকশায় করে ভোটারদের বাড়ি থেকে নিয়ে আসছেন প্রার্থীদের কর্মীরা।
অন্যদিকে রংপুর জেলার অন্যান্য আসনগুলোতে সকাল থেকে মহিলা ভোটারদের লাইন দেখা গেলেও পুরুষ ভোটারদের লাইন দেখা যায়নি। তবে নগরীর তুলনায় গ্রামাঞ্চলের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছেন ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে ৮৭৩ জন প্রিসাইডিং, ৫ হাজার ১৮ জন সহকারী প্রিসাইডিং এবং ১০ হাজার পোলিং কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন।
এদিকে, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাইরে সিটি করপোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ দল, স্ট্রাইকিং ফোর্স প্রস্তত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।




















