মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৫-এর অধিনায়ক কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
গ্রেপ্তার আসামির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তার বাড়ি দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, ২৫ জানুয়ারি রাতে মোশাররফ হোসেনের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চারজন নামীয় এবং আরও সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে মারধর করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মোশাররফের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। থানা-পুলিশের পাশাপাশি র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এর আগে ১ ফেব্রুয়ারি একই মামলায় শিতলাই গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে রাকিব এবং আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তারা মামলার ৩ ও ৪ নম্বর আসামি।
র্যাব-৫ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















