প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ১২:১৪:৪০ প্রিন্ট সংস্করণ
আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় বিপর্যস্ত ইরান। আর এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল তার, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তুরস্কেই আটকা পড়েন তিনি। পরে দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে ঢাকার উদ্দেশে রওনা দেন এই অভিনেত্রী।
সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে অনুরাগীদের নিজের এই পরিস্থিতির কথা জানান নুসরাত ফারিয়া। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি বলেন, ‘আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল। ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়!’
তিনি আরও বলেন, ‘এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। ইস্তানবুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।’
সবশেষে ঢাকায় ফেরার কথা জানিয়ে ফারিয়া আরও বলেন, ‘এখন প্লেনে বসে ঢাকায় ফিরছি। মনটা ভারি, কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই পৃথিবীটা যেন একটু শান্ত হোক।’
নায়িকার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি নিরাপদে ছিলেন এবং অবশেষে দেশে ফিরছেন জেনে কেউ কেউ স্বস্তি প্রকাশ করেছেন।











