মো. গোলাম কিবরিয়া | রাজশাহী জেলা প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৬ , ২:০৫:৩০ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকায় সড়কের ওপর পড়ে থাকা একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পথচারীদের নজরে এলে বিষয়টি জানাজানি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় এক নারী প্রথম বস্তুটি দেখতে পান এবং আশপাশের লোকজনকে অবহিত করেন। পরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
শান্ত বলেন, “এক নারী আমাকে দেখিয়ে বলেন, পিস্তল পড়ে আছে। পরে আমি পা দিয়ে একটু সরালে বিষয়টি পরিষ্কার বুঝতে পারি। এরপর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই।”
খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করেন। তিনি জানান, “উদ্ধার হওয়া বস্তুটি দেখতে পিস্তলের মতো। তবে এটি আসল আগ্নেয়াস্ত্র কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। কেউ আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এটি ফেলে রেখে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।














