সারাদেশ

নওগাঁর মান্দায় পুকুর খননে মিলল কষ্টিপাথরের মূল্যবান মূর্তি

  নওগাঁ প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬ , ১:২৭:৪৭ প্রিন্ট সংস্করণ


নওগাঁর মান্দা উপজেলায় পুকুর খননের সময় একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগর এলাকায় একটি ব্যক্তিগত পুকুর খননের সময় শ্রমিকরা মাটির গভীরে কালো রঙের একটি মূর্তির সন্ধান পান। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাচীন আমলের এই কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, মূর্তিটির ওজন ও প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাইয়ের কাজ চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবহিত করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content