প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ১২:০০:৪১ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বামী-স্ত্রীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) ও তার স্ত্রী লতা রানী (৪২)।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী বাড়িটিতে আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, রোববার দিবাগত রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে ঘর তল্লাশি করলে মেঝে থেকে তপন রায় ও লতা রানীর মরদেহ উদ্ধার করে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এলাকাবাসী কিংবা ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসায় আগুনের সূত্রপাত কীভাবে, স্বামী-স্ত্রী কীভাবে মারা গেলেন-এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।














