নওগাঁ প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬ , ২:২৬:১৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার অজুহাতে একটি স্কুল থেকে শিক্ষার্থীদের বসার বেঞ্চ সরিয়ে নেওয়ায় সপ্তাহজুড়ে পাঠদান বন্ধ থাকার অভিযোগ উঠেছে। উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বসার জায়গা না থাকায় প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে গিয়েও ক্লাস করতে পারছে না। বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমন ব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃত্তি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেঞ্চ সংগ্রহ করে। এর অংশ হিসেবে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ বেঞ্চ নিয়ে যাওয়া হয়। ফলে শ্রেণিকক্ষ বেঞ্চশূন্য হয়ে পড়ায় গত এক সপ্তাহ ধরে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে আছে। তবে উপজেলার অন্যান্য স্কুলে স্বাভাবিকভাবে পাঠদান চলছে।
ভুক্তভোগী অভিভাবকরা বলেন, শিক্ষা অফিসের পরিকল্পনার অভাবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিশুরা স্কুলে গেলেও বসার জায়গা না থাকায় শিক্ষকরা তাদের ছুটি দিতে বাধ্য হচ্ছেন। একটি সরকারি বিদ্যালয়ে এভাবে টানা এক সপ্তাহ ক্লাস বন্ধ থাকা গ্রহণযোগ্য নয়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বেঞ্চ না থাকায় তারা ক্লাস নিতে পারছেন না এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।




















