মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৬ , ৫:৪৩:২৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল ছাত্রসংসদ আয়োজিত ‘বৈশাখী উৎসব-১৪৩৩’ শেষে উদ্বৃত্ত অর্থ হল প্রশাসনের কাছে ফেরত দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ স্থাপন করেছেন হল সংসদের নেতৃবৃন্দ।
উৎসব শেষে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. নাঈম ইসলাম আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করেন। পরে উদ্বৃত্ত অর্থ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ভিপি মো. নাঈম ইসলাম বলেন, “আমরা আয়োজনের শুরু থেকেই আয়-ব্যয়ের প্রতিটি হিসাব সংরক্ষণ করেছি এবং স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। উৎসব শেষে বেঁচে যাওয়া অর্থও যথাযথভাবে হল প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, প্রয়োজনে ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ ধরনের অর্থ পুনরায় জনকল্যাণমূলক কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ বলেন, “হল প্রশাসন থেকে ১২ হাজার এবং রাকসু থেকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত ৫ হাজার ৭৪২ টাকা তারা ফেরত দিয়েছে। এই অর্থ শিক্ষার্থীদের কল্যাণে অন্য খাতে ব্যয় করা হবে।”














