এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ১৬ মে ২০২৬ , ৫:৩৪:৫১ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে সুদ কারবার, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পানিসারা ইউনিয়নের বর্ণি বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চক্র সুদভিত্তিক লেনদেনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আব্দুল মমিন নামের এক ব্যক্তি।
এলাকাবাসীর দাবি, ঋণের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে চাপে ফেলা হয় এবং পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করা হয়। কেউ টাকা পরিশোধে ব্যর্থ হলে জমি বা সম্পদ নিয়ে বিরোধের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র আরও জানায়, সম্প্রতি বর্ণি গ্রামের মোজাফ্ফর নামে এক ব্যক্তি সোনা বন্ধক রেখে ৪০ হাজার টাকা ঋণ নেন এবং পরে তা পরিশোধ করেন। তবে তার বন্ধু গোলাম মোর্তজা দাবি করেন, তাকে মিথ্যা ঋণের অভিযোগে হয়রানি করা হচ্ছে।
গোলাম মোর্তজার অভিযোগ, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় বর্ণি তালতলা এলাকায় তার পথরোধ করে কয়েকজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখান এবং অর্থ দাবি করেন। এ ঘটনায় তিনি ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, “আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাইনি।”
এদিকে অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার দোকানে যোগাযোগ করা হলে একজন কর্মচারী জানান, তিনি দোকানে নেই।
মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার এসআই অহিদুজ্জামান বলেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।”
তবে স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।




















