প্রচ্ছদ » সারাদেশ » ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’
১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’
মো. গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ৭:১৬:২৪প্রিন্ট
সংস্করণ
জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
রোববার দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে মেলার আয়োজন করা হবে।
ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজ ও ব্যবহারবান্ধব করতে মেলা প্রাঙ্গণে বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে:
ই-নামজারির আবেদন গ্রহণ
অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সহায়তা
খতিয়ানের সার্টিফায়েড কপি ও ডিসিআর সংগ্রহে সহায়তা
ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান
এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে সহজ ভাষায় লেখা ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে।
ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের বিশেষ হটলাইন নম্বর ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কেও সচেতনতা তৈরি করা হবে।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। তিনি বলেন, “ভূমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। এসব ডিজিটাল সেবা সম্পর্কে মানুষকে অবহিত করা এবং ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি, বোয়ালিয়া) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভবিষ্যতে একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে সব ধরনের ভূমি সেবা প্রদান, ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং, এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ (সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ) প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি সেবা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নিয়ে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।