দিনাজপুরের হিলি স্থলবন্দর কাস্টমস হাউস চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলেও মাসভিত্তিক রাজস্ব আদায়ে ধারাবাহিক ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।
হিলি কাস্টমস হাউস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা জানান, এ সময়ে ভারত থেকে মোট ৬ লাখ ৬৪ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব আমদানি পণ্যের বিপরীতে সরকারের কোষাগারে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে।
হিলি কাস্টমস হাউস এবং হিলি স্থলবন্দর সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, মাসভিত্তিক রাজস্ব আদায় অর্থবছরের শুরু থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে আদায় হয় ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, আগস্টে ৪৪ কোটি ৮৮ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ৫৬ কোটি ৪৯ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৯৯ লাখ এবং ডিসেম্বরে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।
২০২৬ সালের জানুয়ারিতে আদায় হয় ৪৪ কোটি ৯১ লাখ টাকা, ফেব্রুয়ারিতে ৫৬ কোটি ৮১ লাখ, মার্চে ৬১ কোটি ৩৯ লাখ এবং এপ্রিল মাসে সর্বোচ্চ ৬৫ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানি কার্যক্রম আরও বৃদ্ধি পেলে অর্থবছরের শেষ প্রান্তিকে রাজস্ব আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।