প্রচ্ছদ » সারাদেশ » আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী, জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনী, জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২২ মে ২০২৬ , ৮:৪১:৩২প্রিন্ট
সংস্করণ
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে নবগঠিত পরিবেশবাদী সংগঠন বেঙ্গল পিস ফাউন্ডেশন।
শুক্রবার ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শিরোনামে রমনা পার্ক থেকে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চৌধুরী চত্বরে ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শিরোনামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব কর্মসূচির সহ-আয়োজক ছিল পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।
বেঙ্গল পিস ফাউন্ডেশনের সদস্যরা সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে পদযাত্রা শুরু করে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়ে শেষ করেন। পরে বিকেল ৪টায় টিএসসিতে চারজন ওয়াইল্ড লাইফ আলোকচিত্রীর তোলা প্রায় ১০০টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান। তিনি বলেন, “গাছ নিধন এবং পরিবেশের গুরুত্বপূর্ণ পশু-পাখি শিকারের মতো ঘটনা আমাদের ভয়াবহ এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বেঙ্গল পিস ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। এটি জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে উৎসাহিত করবে।”
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান বলেন, “কিছু অসচেতন ও অসহিষ্ণু মানুষের কারণে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি।”
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, আলোকচিত্রী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।