সারাদেশ

মাগুরায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সৌরভ শেখ গ্রেপ্তার

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২৫ মে ২০২৬ , ৫:১৭:৪১ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সৌরভ শেখ (২১) কে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৌরভ উপজেলার বিলনাথুর গ্রামের বদর শেখের ছেলে এবং শ্রীপুর থানায় দায়ের হওয়া সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি। মামলার নম্বর-২৫।

পুলিশ জানায়, গত ২২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সৌরভ শেখকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সৌরভ শেখকে গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে মামলার একজন আসামি এখনও পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় সৌরভ শেখের। অভিযোগ রয়েছে, পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নেয়া হয়। নির্ধারিত স্থানে দেখা করতে গেলে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে একটি মাছের ঘেরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। ঘটনার ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয়ও দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীর মা হেলেনা বেগম বাদী হয়ে গত ২২ মে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

দ্রষ্টব্য: অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাদের আইনগতভাবে অপরাধী হিসেবে গণ্য করা হয় না।

আরও খবর

Sponsered content