সারাদেশ

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড ভবনে ফাটল, আতঙ্কে রোগী-স্বজন

  লালপুর (নাটোর) প্রতিনিধি ৩ জুন ২০২৬ , ১২:০৪:৩০ প্রিন্ট সংস্করণ

 

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড ভবনের ছাদে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ভবনটি পরিদর্শন ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘লালপুর-বাগাতিপাড়া ন্যায় ফোরাম’।

জানা গেছে, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখানে চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে মহিলা ওয়ার্ডে রোগীর চাপ তুলনামূলক বেশি থাকে। সম্প্রতি ওয়ার্ড ভবনের ছাদে দৃশ্যমান ফাটল দেখা দেওয়ায় ভবনটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘লালপুর-বাগাতিপাড়া ন্যায় ফোরাম’-এর নেতৃবৃন্দ বলেন, জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। প্রতিদিন হাজারো মানুষ এ হাসপাতাল থেকে সেবা নিচ্ছেন। তাই ভবনের প্রকৃত অবস্থা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দক্ষ প্রকৌশলীদের মাধ্যমে ভবনটি পরিদর্শন করে টেকনিক্যাল মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শুরু করা উচিত।

সরেজমিনে দেখা যায়, মহিলা ওয়ার্ডের ছাদের বিভিন্ন স্থানে ফাটল দৃশ্যমান। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবনটির জরুরি ভিত্তিতে টেকনিক্যাল অডিট এবং সংস্কার প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

আরও খবর

Sponsered content