সারাদেশ

কিশোরগঞ্জে ৩৮ লাখ টাকার খাল খনন কাজের উদ্বোধন

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ৩:৪৮:১২ প্রিন্ট সংস্করণ

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান আনুষ্ঠানিকভাবে এ খননকাজের উদ্বোধন করেন।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আরএস ৬৯, ১৫৭ ও ৪৩৬ দাগভুক্ত প্রায় দেড় কিলোমিটার খাল ৩৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে পুনঃখনন করা হচ্ছে।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজরিনা ইয়াছমিন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম, ইউনিয়ন জামায়াতের আমির আফজালুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা এনসিপির সমন্বয়ক আব্দুল কাইয়ুম এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে চাঁদ খোসাল জামে মসজিদের পেশ ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন।

সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখনন করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

আরও খবর

Sponsered content