সিলেট প্রতিনিধি: ৭ জুন ২০২৬ , ৭:২৭:১৫ প্রিন্ট সংস্করণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ঘুষিতে চৈতন্য গোয়ালা (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমন প্রধান (৪২) নামে এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত চৈতন্য গোয়ালা ও আটক সুমন প্রধান উভয়েই চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা পাশাপাশি বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুমন প্রধান প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় সুমনের ঘুষিতে গুরুতর আহত হন চৈতন্য গোয়ালা।
স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত সুমন প্রধানকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”














