প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ৮:৪৮:৩২ প্রিন্ট সংস্করণ
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও তথ্য বিনিময় বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।
আজ রোববার রাজধানী ঢাকায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফইআরবি চেয়ারম্যান আজিজুর রহমান এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু।
এফইআরবি’র অতিথিদের স্বাগত জানিয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, ‘জ্বালানি সম্পদ যেকোনো দেশের উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশ ও চীনের গণমাধ্যম এ খাতে দারুণ ভূমিকা রাখছে। আমি আশা করি, আজকের এই চুক্তির মাধ্যমে এফইআরবি এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব দুই দেশের জ্বালানি খাতের টেকসই উন্নয়ন ও তথ্য আদান-প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
চুক্তি স্বাক্ষর শেষে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও মহাপরিকল্পনাগুলোতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগের ভূমিকা অপরিসীম। এই চুক্তির ফলে দুই দেশের জ্বালানি খাতের বস্তুনিষ্ঠ তথ্য আদান-প্রদান যেমন সহজ হবে, তেমনি বাংলাদেশের জ্বালানি সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফইআরবি’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ, ভাইস চেয়ারম্যান হাসান আজাদ এবং পরিচালক ফয়সাল আতিক ও সজীব আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মাইনুল হাসান সোহেল এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিজেএ) সভাপতি কামরুল হাসান দর্পণ, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন, অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। অন্যদিকে, দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের শীর্ষ সংগঠন এফইআরবি দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে।








