সারাদেশ

রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ৮ জুন ২০২৬ , ১১:২৯:৪৪ প্রিন্ট সংস্করণ

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার গুণগত উন্নয়ন এবং শিক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, মো. হেদায়েত হোসেন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০২৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মো. হেদায়েত হোসেন বলেন, “জেলার অভিভাবকতুল্য জেলা প্রশাসকের কাছ থেকে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমানসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

আরও খবর

Sponsered content