নিজস্ব প্রতিবেদক: ১১ জুন ২০২৬ , ১১:০২:০৩ প্রিন্ট সংস্করণ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদনে ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইমাম হাসান এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারুক আহাম্মদ, এফসিএ।
সভায় জানানো হয়, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালে ইউসিবি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে ব্যাংকটি ২৩ শতাংশ আমানত প্রবৃদ্ধি অর্জন করে, যা দেশের ব্যাংকিং খাতের গড় প্রবৃদ্ধির তুলনায় দ্বিগুণেরও বেশি। ফলে ব্যাংকের মোট আমানত প্রায় ১৩ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৬৮ হাজার ৩৯৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে প্রায় ৬ লাখ ৭৮ হাজার নতুন গ্রাহক হিসাব যুক্ত হয়েছে।
ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত ৯১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৮৩ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে ঋণ ও অগ্রিম খাতে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি খেলাপি ও রাইট-অফ ঋণ থেকে প্রায় ১১৪ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ।
নতুন নিয়ন্ত্রক নীতিমালার কারণে শ্রেণিকৃত ঋণের হার একপর্যায়ে ১৯ শতাংশে পৌঁছালেও ঝুঁকি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে তা কমিয়ে ১৫ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে সভায় জানানো হয়।
ইসলামি ব্যাংকিং কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ খাতে আমানত ১৬৩ শতাংশ এবং বিনিয়োগ ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম প্রথমবারের মতো মুনাফা অর্জন করেছে। সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালন ব্যয়ও প্রায় ৯৭ কোটি টাকা কমানো হয়েছে।
প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণের অংশ হিসেবে ইউসিবি দেশের প্রথম মাইক্রোসার্ভিসভিত্তিক ‘ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম’ এবং ‘ইউসিবি ওয়ান’ অ্যাপ চালু করেছে। এর ফলে বর্তমানে ব্যাংকের মোট লেনদেনের প্রায় ৬৫ শতাংশ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে কোম্পানি সেক্রেটারি তানভীর এ সিদ্দিকী এফসিএ শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে ধন্যবাদ জানান। পরে চেয়ারম্যানের অনুমোদনক্রমে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং শক্তিশালী মূলধন কাঠামোর মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে এজিএম শেষ হয়।




















