সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলায় উদ্বেগজনক হারে অপরাধ বৃদ্ধি: ছয় মাসে ২৪৩ মামলা

  ঝিনাইদহ প্রতিনিধি | ২৮ জানুয়ারি ২০২৬ , ১১:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

 ঝিনাইদহ সদর উপজেলায় গত ছয় মাসে হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ সময়কালে সদর উপজেলায় মোট ২৪৩টি মামলা দায়ের হয়েছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই)–এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে ৯০টি অপমৃত্যু, ২২টি নারী ও শিশু নির্যাতন, ১২টি হত্যা, ৪টি ধর্ষণ এবং বাকি মামলাগুলো মানবপাচার, পর্নোগ্রাফি ও অপহরণসংক্রান্ত।

এ সময় উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ময়না খাতুন, উই-এর পরিচালক শরিফা খাতুন, এমপাওয়ারহার প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দিনসহ ফোরামের সংশ্লিষ্ট ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় উই-এর আয়োজনে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যুসহ অপরাধের বৃদ্ধি শুধু ভুক্তভোগীদের জীবনকেই বিপর্যস্ত করছে না, বরং সমাজের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকেও মারাত্মকভাবে ব্যাহত করছে।

বক্তারা আগামী দিনে নারী ও শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content