সারাদেশ

হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, চাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৭ জুন ২০২৬ , ৩:২৪:৩৫ প্রিন্ট সংস্করণ

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। এ সময় তারা ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে প্রতীকী প্রতিবাদ জানান।

বুধবার (১৭ জুন) দুপুরে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক চাষি ও ব্যবসায়ী অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, সহসভাপতি আব্দুন নূর, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সাদাত ও সদস্য সচিব দিল মেরাজুল দুলুসহ অন্যান্য নেতারা। এছাড়া জেলা বিএনপির সদস্য লিটন পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, হিমাগার মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়েছেন। এর ফলে চাষি ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুরে সংরক্ষণ ভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে।

জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর প্রভাবেই রংপুর বিভাগের কোল্ড স্টোরেজগুলোতে প্রতিবছর প্রতি বস্তায় ১০০ টাকারও বেশি ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। তিনি দাবি করেন, যেখানে মুন্সীগঞ্জে প্রতি বস্তা আলু সংরক্ষণে ২৮০ টাকা নেওয়া হয়, সেখানে রংপুরে ৪৩০ টাকা আদায় করা হচ্ছে।

তিনি আরও বলেন, আলু সংরক্ষণের ভাড়া সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পরও সমাধান না হলে লাগাতার অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুরের কৃষকরা বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। দ্রুত ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার দাবি জানান তিনি।

অবরোধের কারণে রংপুর বিভাগের সাত জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ প্রায় এক ঘণ্টা ব্যাহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এ বিষয়ে বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, কৃষি মন্ত্রণালয় নির্ধারিত প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সার পরিবর্তে তারা ৬ টাকা ৩২ পয়সা হারে সংরক্ষণ মূল্য নিচ্ছেন। এখানে কোনো ধরনের সিন্ডিকেট নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও পরিচালন ব্যয় বাড়ার বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করে ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট হিমাগার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আলুচাষি ও ব্যবসায়ীরা সংরক্ষণ ভাড়া কমানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়ার পর বেলা ১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আরও খবর

Sponsered content