সারাদেশ

সিলেটে প্রিপেইড মিটারে দীর্ঘ টোকেনের ভোগান্তি, গ্রাহকদের চরম দুর্ভোগ

  সিলেট প্রতিনিধি: ১৯ জুন ২০২৬ , ১২:১১:০৯ প্রিন্ট সংস্করণ

সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে অস্বাভাবিক দীর্ঘ টোকেন নম্বরের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রিচার্জের পর ৮০ থেকে ২৪০ ডিজিট পর্যন্ত টোকেন নম্বর পাঠানো হচ্ছে, যা মিটারে প্রবেশ করাতে গিয়ে অনেকেই ভুল করছেন। ফলে অনেক ক্ষেত্রে মিটার লক হয়ে যাচ্ছে এবং গ্রাহকদের অতিরিক্ত দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ টোকেন নম্বর মিটারে ইনপুট দিতে গিয়ে বারবার ভুল হচ্ছে। এতে রিচার্জ সম্পন্ন না হওয়ায় অনেককে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে। তীব্র গরমের মধ্যে এই পরিস্থিতি জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

নগরীর হবিনন্দী এলাকার বাসিন্দা ওয়াসিম আহমদ বলেন, “মিটারে টাকা রিচার্জের পর প্রায় ২৪০ ডিজিটের একটি টোকেন পেয়েছি। কয়েকবার চেষ্টা করেও সেটি ইনস্টল করতে পারিনি। ফলে চরম ভোগান্তিতে পড়েছি।”

ভুক্তভোগীরা জানান, বয়স্ক ও প্রযুক্তিতে অনভিজ্ঞ গ্রাহকদের জন্য এই প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে টোকেন ভুলভাবে প্রবেশ করানোর কারণে মিটার লক হয়ে যাচ্ছে এবং তা সচল করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়। সম্প্রতি বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারগুলোতে নতুন ট্যারিফ হালনাগাদ করতে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, “বিদ্যুতের ট্যারিফ পরিবর্তনের কারণে গ্রাহকদের একবার দীর্ঘ টোকেন ব্যবহার করতে হচ্ছে। সতর্কতার সঙ্গে একবার টোকেনটি সঠিকভাবে প্রবেশ করালে মিটার নতুন ট্যারিফ গ্রহণ করবে। এরপর থেকে স্বাভাবিক টোকেনই পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, এ সংক্রান্ত সমস্যায় গ্রাহকরা সহায়তা চাইলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

এদিকে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করার অংশ হিসেবেই অতিরিক্ত টোকেন দেওয়া হচ্ছে। এটি মিটারের কোনো ত্রুটি বা অস্বাভাবিকতা নয়।

নেসকো কর্তৃপক্ষ জানায়, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে ছয় ধাপে বিদ্যুৎ বিল হিসাব করা হয়। নতুন মূল্যহার কার্যকর করতে গ্রাহকদের রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, প্রায় ২২০ ডিজিটের টোকেন প্রতি ২০ ডিজিট পরপর ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথম ২০ ডিজিট প্রবেশ করিয়ে ‘এন্টার’ চাপতে হবে। এরপর পর্যায়ক্রমে বাকি অংশগুলো একইভাবে প্রবেশ করাতে হবে। সবগুলো অংশ সফলভাবে ইনপুট করার পর মিটারে ব্যালান্স যুক্ত হবে এবং নতুন ট্যারিফ কার্যকর হবে।

গ্রাহকদের দুর্ভোগ কমাতে বিদ্যুৎ বিভাগকে আরও কার্যকর সহায়তা প্রদান এবং বিকল্প সহজ পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও খবর

Sponsered content