জাতীয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু

  প্রতিনিধি ২২ জুন ২০২৬ , ১২:০৮:৫২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কাফরুল থানায় অবগত করা হয়েছে।

এর আগে গত ১০ জুন রাতে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সাজিদ চৌধুরী রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।

মৃত সাজিদ চৌধুরী রাফি কাফরুল ইব্রাহিমপুরের স্থায়ী বাসিন্দা শামসুল চৌধুরী শান্ত ও মা তানিয়ার ছেলে। তিনি মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তার বাবা মানসিক রোগী। মা প্রবাসী।

নিহতের মা তানিয়া সিকদার জানান, পৈতৃক সূত্রে রাফি অনেক সম্পত্তির মালিক। তাদের সব সম্পত্তির একমাত্র ওয়ারিশ ছিল রাফি। তাদের কিছু সম্পত্তি তার অন্য আত্মীয়রা ভোগ দখল করে খাচ্ছেন। এসব নিয়ে আত্মীয়দের সঙ্গে তাদের মনোমালিন্য রয়েছে। পরিকল্পিতভাবে ছেলেকে হত্যার উদ্দেশ্যে ইট মারা হয়েছে বলে দাবি করেন তানিয়া সিকদার।

এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

তিনি আরও বলেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছেন। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও খবর

Sponsered content