প্রচ্ছদ » সারাদেশ » কালকিনিতে ‘প্রবাসী জনসেবা সংগঠন’ এর অফিস উদ্বোধন ও অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান
কালকিনিতে ‘প্রবাসী জনসেবা সংগঠন’ এর অফিস উদ্বোধন ও অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান
স্টাফ রিপোর্টার মাদারীপুর ২৬ জুন ২০২৬ , ১২:০৯:৩৯প্রিন্ট
সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ‘প্রবাসী জনসেবা সংগঠন’। একই সাথে সংগঠনটির নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে কালকিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডের জনারদন্দি এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অফিস উদ্বোধন ও এই অর্থ প্রদান সম্পন্ন হয়।
জনারদন্দি ৮ নং ওয়ার্ডের সকল প্রবাসীদের প্রাণের এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, আজ বিকেলে ফিতা কেটে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করা হয়। এরপরই এলাকার কয়েকজন অসহায় মানুষের হাতে স্বাবলম্বী হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, “আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এলাকার কোনো মানুষ যেন অর্থকষ্টে পিছিয়ে না থাকে। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খাটলেও আমাদের মন পঁড়ে থাকে দেশের মাটিতে, আপনজনদের কাছে। এলাকার অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের এমন মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কালকিনি পৌরসভার স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, সরকারের পাশাপাশি এমন প্রবাসী সংগঠনগুলো এগিয়ে এলে সমাজ থেকে দ্রুত দারিদ্র্য দূর করা সম্ভব।