সারাদেশ

মাধবপুর সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ , ৯:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৯৮২ নম্বর প্রধান সীমান্ত পিলারের ১১-এস উপ-পিলারসংলগ্ন জিরো লাইনে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সীমান্তের নিরাপত্তা বাতি (সিকিউরিটি লাইট) বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ৫৫ বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ওই প্রচেষ্টা জিরো লাইনেই প্রতিহত করে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয়। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সহযোগিতা করেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”

আরও খবর

Sponsered content