অপরাধ

বাঘায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, খেলনা পিস্তলসহ আটক ২

  বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ ৭ আগস্ট ২০২৬ , ১১:৪৯:৩৯ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পিয়াদাপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বিকেলে আড়ানী পিয়াদাপাড়া গ্রামের আরিফা বেগমের বাড়িতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কোমরে খেলনা পিস্তল ঝুলিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুনরায় চাঁদা আদায়ের চেষ্টা করে একটি চক্র। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন দুইজনকে আটক করে বাঘা থানা পুলিশকে খবর দেন।
আটকরা হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চিথুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান (২৪) এবং মাড়িয়া গ্রামের হাকিমুদ্দিনের ছেলে সোহেল রানা (৩৩)।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও কভার, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আটক দুইজনসহ অজ্ঞাত আরও একজন গত ৫ আগস্ট একই বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৬০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায়।
এ ঘটনায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং পিস্তল সদৃশ খেলনা অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার হাসিবুল ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। তবে চাকরির বিধিমালা অনুযায়ী অযোগ্যতা প্রমাণিত হওয়ায় ২০২৫ সালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি একটি অপরাধচক্র গড়ে তুলে বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছেন বলে তদন্তে উঠে এসেছে।
বাঘা থানা পুলিশ জানিয়েছে, চক্রটির সদস্যরা বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মতো অপরাধ করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তাদের অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়েও অনুসন্ধান চলছে।

আরও খবর

Sponsered content