প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ৯:২২:৩৯ প্রিন্ট সংস্করণ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক দেশবরেণ্য আলেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।
আত্মশুদ্ধি এবং উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন প্রফেসর কুদরত এ খোদা। ঈদে মিলাদুন্নবি (সা.) প্রচলনে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর অবদান তুলে ধরে তিনি বলেন, মুসলিম জাতির ধারণা ছিল ১২ রবিউল আউয়ালেই হযরত রাসুল (সা.) ওফাত লাভ করেছেন। যে কারণে মুসলমানরা দয়াল রাসুলের (সা.) জন্মদিনের আনন্দ উদযাপনের রহমত থেকে বঞ্চিত ছিল। কিন্তু শাহ দেওয়ানবাগী (রহ.) ঐতিহাসিক দলিল দিয়ে প্রমাণ করে দিলেন, তিনি ওফাত লাভ করেছেন ১ রবিউল আউয়াল, আর জন্মগ্রহণ করেছেন ১২ রবিউল আউয়াল তারিখে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, আশেকে রাসুল ও ইসলামী চিন্তাবিদরা হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তার প্রতি ভালোবাসা, ঈদে মিলাদুন্নবির তাৎপর্য, আত্মশুদ্ধি, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজজীবনে মহানবি (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।





















