সারাদেশ

শ্রীমঙ্গলে লিফটের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ২:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি কোম্পানির ভেতরে ফর্কলিফটের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়ায় রশ্মি পলি ফাইবার কারখানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মারজিয়া খাতুন উপজেলার ভূনবীর ইউনিয়নের তেপাড়া এলাকার আকরাম আলীর স্ত্রী। তার ৪ মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় হঠাৎ একটি চলন্ত ফর্কলিফটের নিচে পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। আহত আরেক নারী শ্রমিক ও চালক আহত হলে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

দুর্ঘটনার পরপরই প্রতিষ্ঠানের ভেতর ও আশপাশ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সহকর্মী শ্রমিকরা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়।

মারজিয়ার স্বামী আকরাম আলী বলেন, ‘আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার ছেলে মেয়ে এতিম হয়ে গেছে। তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চাই।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুলল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় কারো অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content