সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়ায় ইউনিয়নভিত্তিক বরাদ্দের সার অন্য ইউনিয়নের বাজারে নেওয়ার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৮ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
প্রশাসন সূত্র জানায়, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে নারিকেলবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী উজ্জ্বল সাহার ঘরে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি দশপাখিয়া গ্রামের ভেতরে পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে ইউএনও ভূপালী সরকার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা ৩৮ বস্তা সারের মধ্যে ২৩ বস্তা ডিএপি এবং ১৫ বস্তা টিএসপি সার ছিল।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা এবং সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সার মজুত, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষিপণ্যের বেচাকেনা ও সহজ সরবরাহ নিশ্চিত হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।















