আন্তর্জাতিক

ইরানের উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ ইরানের কেশম দ্বীপের কাছে উপসাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি কেশমের গভর্নর আমির তাইমুরির বরাত দিয়ে জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের মধ্যবর্তী এলাকায় জাহাজটিতে হামলা হয়।

তাইমুরি ঘটনাটিকে ‘মার্কিন সন্ত্রাসী’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। তবে জাহাজটির নাম, হামলার ধরন বা ঠিক কীভাবে সেটিতে আঘাত করা হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই দিনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজে অজ্ঞাত অস্ত্রের আঘাত লেগেছে। তবে ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে সাম্প্রতিক যেকোনো হামলা বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করে।

আরও খবর

Sponsered content