খেলাধুলা

প্রধান নির্বাচক হয়েও এনসিএল খেলোয়াড় নির্বাচনে দায়িত্বে নেই বাশার

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ১২:৩২:২১ প্রিন্ট সংস্করণ

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেন হাবিবুল বাশার সুমন। এরপর থেকে জাতীয় দল, ঘরোয়াসহ সব জায়গাতেই ছিলেন সাবেক এই অধিনায়ক।

এ ছাড়া বাশারের সহকারী হিসেবে নতুন করে নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন আরও দুই সাবেক ক্রিকেটার। নাইম ইসলাম এবং নাদিফ চৌধুরী নির্বাচক প্যানেলে যুক্ত হওয়ার আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। তবে গেল মাসে শান্তকে স্থানান্তর করা হয় নারী বিভাগের নির্বাচক প্যানেলে। ফলে পুরুষ দলে রয়েছেন তিন জন। আগামী মাসে শুরু হচ্ছে লাল বলের এনসিএল।

সেই এনসিএলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া শেষ অনেক আগেই। তবে অবাক করা বিষয় হচ্ছে প্রধান নির্বাচক হয়েও এবারের আসরে দল নির্বাচনে দায়িত্বে নেই বাশার। ঢাকা পোস্টের পক্ষ হতে বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাশার বলছিলেন, ‘আমাকে আগে থেকে জানানো হয়েছিল। আলাপ হয়নি যে সেটা কিন্তু না, আলাপ করেই সিদ্ধান্ত হয়েছে। হয়তো নতুন যে দুইজন নির্বাচক রয়েছেন তাদের দেখতে এমন সিদ্ধান্ত হতে পারে। শুধু এই এনসিএলে ইনপুট থাকবে না আমার, এরপর বাকিগুলো নিয়ে আলাপ হয়নি। এ ছাড়া জাতীয় দল নিয়ে তো ব্যস্ততা ছিলই এ সময়ে।’

এদিকে, বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে। তবে দেশের বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি। পরে যোগাযোগ করার চেষ্টা করা হয় টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম কায়সারের সঙ্গে। তিনিও বিষয়টি এড়িয়ে গেছেন।

আরও খবর

Sponsered content