বিনোদন

নিখোঁজ ছেলেকে আর ফিরে পাওয়া হলো না অভিনেত্রী নাসিমার

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ , ১২:৪৪:৫০ প্রিন্ট সংস্করণ

ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশলের নিখোঁজ হওয়ার পর থেকে সন্তানের সন্ধানে ছিলেন ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা নাসিমা খান। ছেলেকে খুঁজে বের করতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছিলেন তিনি। কিন্তু ছেলের কোনো খোঁজ পাওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই অভিনেত্রী। গতকাল রোববার সন্ধ্যায় দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্ন বিলাশ থেকে নিখোঁজ হন তার ছোট ছেলে কুশল। এরপর থেকেই সন্তানের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করেন এই অভিনেত্রী। ছেলেকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েও আশানুরূপ সাড়া পাননি বলে অভিযোগ করেছিলেন তিনি।

নাসিমা জানিয়েছিলেন, নিখোঁজ হওয়ার দিন কুশল তার কাছে চা খাওয়ার জন্য ৫০ টাকা চেয়েছিলেন। ঘরে থাকতে থাকতে ক্লান্ত লাগায় একটু বাইরে ঘুরে আসতে চেয়েছিলেন ছেলে। মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের দুটি মোবাইল ফোনই রেখে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি।

প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও ছেলের সন্ধান পাননি নাসিমা। পরে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না পাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি।

ছেলে কোথায় আছেন, বেঁচে আছেন কি না- এমন অনিশ্চয়তা তাকে তাড়িয়ে বেড়াত। সন্তানের অপেক্ষায় থাকা এই মায়ের শেষ পর্যন্ত আর ছেলেকে ফিরে পাওয়া হলো না।

নাসিমা খানের দেখা-শোনার দায়িত্বে থাকা নুরজাহান বেগমের তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। সাত দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, নাসিমা খানের বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলেই নাসিমার দাফন হবে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content