বিনোদন

আদালত প্রাঙ্গণেই মেজাজ হারালেন পরীমণি

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৬ , ২:৫২:৩৯ প্রিন্ট সংস্করণ

জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই আত্মসমর্পণ করে জামিন পেলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। আজ বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রাহমান এই জামিনের আদেশ দেন।

পরীর পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী শুনানি করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

একই আদালত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল বুধবার তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এদিকে আজ সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমণি। আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তিনি কিছুক্ষণ গাড়ির ভেতরেই অবস্থান করেন। এ সময় তার গাড়ি ঘিরে কালো পোশাকে বহর নিয়ে দাঁড়িয়ে ছিলেন অন্তত ১০ জন ব্যক্তিগত দেহরক্ষী।

পরবর্তীতে আদালত কক্ষে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতার ভিড় ঠেলে এগোতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। ভিড়ের মধ্যে নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া এবং বিশৃঙ্খলার কারণে আদালত চত্বরেই মেজাজ হারান পরীমণি। এ সময় পরীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। নিরাপত্তাকর্মীদের মারধরে বেশ কয়েকজন সাংবাদিক ও বিচারপ্রার্থী আহত হয়েছেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে এক সাংবাদিককে গালিগালাজ করেন পরীমণি। ওই সাংবাদিককে দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। বলেন, ‘সাংবাদিকরাও মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস।’

পরীমণির নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হয়ে আহত হয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার। আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। এছাড়া সমকাল’র প্রতিবেদক রবিউল হোসেন অভিযোগ করেছেন, স্বয়ং পরীমণি তার মোবাইল ফোন কেড়ে নিয়েছেন। আগামীর সময়’র প্রতিবেদক সিয়াম হোসেনের অভিযোগ, পরীমণি তার হাতে খামচি দিয়েছেন।

আদালত প্রাঙ্গণে এক বিচারপ্রার্থীকে মাথায় রক্তাক্ত অবস্থায় ব্যান্ডেজ বাঁধতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত না জানিয়ে তার বড় ভাই বলেন, ‘আগে চিকিৎসা করিয়ে পরে জানাব।’

এদিকে ঘটনার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা।

আরও খবর

Sponsered content