প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৮:৩০:৫২ প্রিন্ট সংস্করণ
বলিউড অভিনেতা সাইফ আলী খান শুটিং থেকে পুরোপুরি বিরতি নিয়ে নিজেকে একেবারে নতুন কাজে নিয়োজিত করতে চলেছেন—বাংলা ভাষা শেখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী তিন মাস বাড়িতে শিক্ষক রেখে নিয়মিত বাংলা শেখার পরিকল্পনা করেছেন।
প্রশ্ন উঠেছে, কি মা শর্মিলা ঠাকুর বা বোন সোহা আলী খান এর মতো বাংলা সিনেমায় অভিনয় করার জন্য কি এই সিদ্ধান্ত? সরাসরি এ বিষয়ে মন্তব্য না করলেও ভারতীয় গণমাধ্যমে সূত্র অনুযায়ী, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনচিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে বাংলা শেখার এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চরিত্র বা জীবনী সম্পর্কে সাইফ এখনো মুখ খোলেননি।
এছাড়া, ব্যক্তিগত জীবনের কঠিন এক সময়ও পার করছেন সাইফ। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনা এখনও তাকে মানসিকভাবে তাড়া করে। সম্প্রতি টক শোতে তিনি বলেন, “আজও রাতে সেই ঘটনার ছবি চোখের সামনে ভেসে ওঠে। ভাবলে আতঙ্ক লাগে—যদি সেদিন দেরিতে ঘুম ভাঙত, তাহলে জেহকে বাঁচাতে পারতাম না।”
এই মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে নতুন অধ্যায়ে মন দিয়েছেন অভিনেতা। জানা গেছে, পুরো প্রক্রিয়ায় মা শর্মিলা ঠাকুরও পাশে আছেন এবং নিয়মিত সাহায্য করছেন।











