আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব পেলেন ডানা হোয়াইট

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ২:৩৬:৫১ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী ডানা হোয়াইটকে। এ বিষয়ে আলোচনা করতে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন হোয়াইট। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার লন্ডনে একটি বক্সিং ইভেন্টের পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ডানা অন্য সবার চেয়ে আলাদা ধরনের প্রেস সেক্রেটারি হবেন।’ একই সঙ্গে তিনি হোয়াইটকে প্রস্তাবটি গ্রহণ করার আহ্বান জানান।

ট্রাম্প আরও বলেছেন, হোয়াইট যেন কয়েকজন সহকারীকে সঙ্গে নিয়ে আসেন, যাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক নন। এ প্রসঙ্গে তিনি ইউএফসির বর্তমান ও সাবেক ছয়জন চ্যাম্পিয়নের ছবি প্রকাশ করেন। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার দাগেস্তান অঞ্চলের ইসলাম মাখাচেভ ও খাবিব নুরমাগোমেদভ, যুক্তরাষ্ট্রের জাস্টিন গেইথজি, ড্যানিয়েল করমিয়ার ও কায়লা হ্যারিসন এবং ব্রাজিলের আমান্ডা নুনেস। ট্রাম্প তাদের ‘উন্মাদ বামপন্থীদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য প্রয়োজন বলে মন্তব্য করেন।

কেটি জাকারিয়ার পাঁচ দিনের দায়িত্ব পালনের পর গত মাস থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য রয়েছে। এর আগে আগস্টের শেষ দিকে পদত্যাগ করেন ক্যারোলিন লেভিট।

২০০০-এর দশকের শুরুতে ট্রাম্প ও হোয়াইটের মধ্যে পরিচয় হলেও ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে সমর্থন দেওয়ার পর তাদের ঘনিষ্ঠতা বাড়ে। সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প একাধিক ইউএফসি ইভেন্টে অংশ নিয়েছেন। এমনকি গত জুনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসেই ইউএফসি লড়াইয়ের আয়োজন করা হয়েছিল।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংও একসময় ইউএফসিতে কাজ করেছেন। ট্রাম্পের প্রস্তাবের পোস্টটি এক্সে শেয়ার করে তিনি ডানা হোয়াইটকে দায়িত্বটি গ্রহণ করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content