সাতক্ষীরা প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ১০:২০:০৯ প্রিন্ট সংস্করণ
বিবাহবিচ্ছেদের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে বিয়ে এবং পরবর্তীতে প্রতারণা বজায় রাখার অভিযোগ উঠেছে সাতক্ষীরা শহরের ‘নেট হানি গ্রুপ’-এর মালিক ও মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে। রোববার (৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তোলেন তাঁর তৃতীয় স্ত্রী রিপা খাতুন। ভুক্তভোগী রিপা খাতুন খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের শেখ শুকুর আলীর মেয়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপা খাতুন জানান, তাঁর প্রথম স্বামী মারা যাওয়ার পর পারিবারিকভাবে আরেকটি বিয়ে হয়েছিল। তবে ওই ব্যক্তির আগের স্ত্রী থাকার বিষয়টি জানতে পেরে দ্রুত তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে চলতি ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের খালেক মোল্লার ছেলে মো. সিরাজুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। সিরাজুল ইসলাম সাতক্ষীরা শহরে মধুর ব্যবসার সঙ্গে জড়িত এবং ‘নেট হানি গ্রুপ’-এর মালিক। তিনি শহরের সুলতানপুর এলাকার গির্জার পাশে বসবাস করেন।
রিপা খাতুন অভিযোগ করে বলেন, “বিয়ের আগেই আমি আমার অতীত জীবনের সব ঘটনা সিরাজুলকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম। কিন্তু সিরাজুল নিজের পূর্বের বৈবাহিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আমার সঙ্গে চরম প্রতারণা করেছেন।”
তিনি আরও জানান, বিয়ের পর তিনি জানতে পারেন সিরাজুল ইসলামের আগে আরও দুটি বিয়ে হয়েছে এবং সেই সংসারগুলোতে সন্তানও রয়েছে। এর মধ্যে প্রথম স্ত্রীর বাবার বাড়ি নারায়ণগঞ্জে এবং দ্বিতীয় স্ত্রীর বাড়ি কক্সবাজারে। খোঁজ নিয়ে
তিনি আরও জানতে পেরেছেন যে, আগের দুই স্ত্রীর কারও সঙ্গেই সিরাজুলের আইনগত বিবাহবিচ্ছেদ হয়নি।
লিখিত বক্তব্যে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে রিপা খাতুন বলেন, আগের দুটি বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রেখে তাঁকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে প্রতারণা করা হয়েছে। বিবাহবিচ্ছেদের বিষয়টি গোপন রেখে এভাবে সম্পর্ক বজায় রাখায় তিনি নিজেকে মারাত্মকভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত বলে দাবি করেন এবং এর সুষ্ঠু বিচার চান।





















