প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ৬:০৯:১৫ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, শুধু ভালো ফল করে থেমে থাকলে চলবে না, নিজেদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতে হবে শিক্ষার্থীদের। বর্তমান বিশ্বের সঙ্গে শুধু প্রতিযোগিতা নয়, বরং বিশ্বকে নেতৃত্ব দেওয়া এবং মানুষের কল্যাণে অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিমানবন্দর সড়কের ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের অর্জন তাদের মেধা, পরিশ্রম ও সক্ষমতার প্রমাণ। তবে একটি পুরস্কার বা স্বীকৃতি কোনো যাত্রার শেষ নয়, বরং নতুন পথচলার শুরু। ভবিষ্যতে তারা কতটা এগিয়ে যাবে, তা নির্ভর করবে তাদের উচ্চাকাঙ্ক্ষা ও পরবর্তী পদক্ষেপের ওপর। তাই অর্জনে সন্তুষ্ট না থেকে নিজেদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাতে হবে। জীবনের সবচেয়ে বড় অর্জন হয়তো এখনো সামনে অপেক্ষা করছে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বৈজ্ঞানিক পরিবর্তন ও নতুন আবিষ্কারের কারণে বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে একাডেমিক সাফল্য গুরুত্বপূর্ণ হলেও শুধু ভালো ফলাফল দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, প্রচলিত ধারণাকে প্রশ্ন করার সাহস এবং কঠিন সমস্যার নতুন সমাধান খুঁজে বের করার দক্ষতা। সমাজে উদ্ভাবক, উদ্যোক্তা, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের প্রয়োজন। একইসঙ্গে তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিক মূল্যবোধ ও নীতিবোধ ধারণ করতে হবে।
সরকারের সহযোগিতার বিষয়ে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা ও সুযোগ তৈরির চেষ্টা করবে। তবে নিজেদের সক্ষমতার পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনাকেও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মেধা ও বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু শুধু সম্ভাবনা দিয়ে একটি দেশ গড়ে ওঠে না, দেশ গড়ে তোলেন তার মানুষ। তরুণদের জ্ঞান, সৃজনশীলতা, দক্ষতা ও দৃঢ়তাই জাতীয় আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারে।
তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে তরুণেরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে পারবেন, বৈষম্য ছাড়াই প্রতিযোগিতা করতে পারবেন এবং সমান সুযোগ পাবেন। এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং মেধার ভিত্তিতে যোগ্যতার মূল্যায়ন করা হবে।
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বাংলাদেশিদের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে মাহদী আমিন বলেন, বাংলাদেশের তরুণেরা যেন বিশ্বজুড়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন, সরকার তা চায়। এ জন্য শিক্ষার্থীদের বিশ্বের কাছ থেকে শিখতে হবে, নতুন ধারণা গ্রহণ করতে হবে, আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। তবে বিশ্ব নাগরিক হওয়ার পাশাপাশি নিজের দেশ, শিকড় ও মানুষের সঙ্গে সংযোগ ধরে রাখাও জরুরি।
শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি অর্জনের পেছনে পরিবারের ত্যাগ, উৎসাহ ও নিরবচ্ছিন্ন সহযোগিতা রয়েছে। শিক্ষকেরা শিক্ষার্থীদের জানার আগ্রহ তৈরি করেন, প্রতিভা বিকাশে সহায়তা করেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলেন। তাই শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানও স্বীকৃতি পাওয়ার যোগ্য। এ সময় তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিলের অবদানের কথাও উল্লেখ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন আরও বলেন, সাফল্যের কোনো একক সংজ্ঞা নেই। তাই স্বপ্ন দেখারও কোনো নির্দিষ্ট সীমা থাকা উচিত নয়। কে কোন পেশায় যাবেন বা কী ধরনের স্বপ্ন দেখবেন, তা অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না। পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের সক্ষমতার সীমা মনে করা যাবে না। কঠোর পরিশ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব।
তিনি বলেন, আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে নোবেলজয়ী, বিশ্বমানের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, উদ্যোক্তা ও শিক্ষাবিদ তৈরি হবেন। তাদের কেউ নতুন প্রযুক্তি উদ্ভাবন করবেন, কেউ কর্মসংস্থান সৃষ্টি করবেন, আবার কেউ মানুষের জীবন বদলে দেওয়ার মতো আবিষ্কার করবেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অনুভূতি তুলে ধরে মাহদী আমিন বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্জন আমাকেও অনুপ্রাণিত করেছে। নতুন নীতি প্রণয়ন ও বাংলাদেশ গড়ার কাজে এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের ওপর সরকারের আস্থা রয়েছে।
এ বছর কেমব্রিজের আন্তর্জাতিক পরীক্ষায় অসাধারণ ফলের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থী মোট ১৬৩টি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ৯৮ জন নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’, ৪৫ জন ‘টপ ইন বাংলাদেশ’, চারজন ‘বেস্ট অ্যাক্রস’ এবং ১৬ জন ‘হাই অ্যাচিভমেন্ট’ পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত কেমব্রিজ আইজিসিএসই, ও লেভেল এবং ইন্টারন্যাশনাল এএস ও এ লেভেল পরীক্ষার ফলের ভিত্তিতে এসব পুরস্কার দেওয়া হয়।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন। এ ছাড়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ ভিডিও বার্তায় বক্তব্য দেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ।





















