নওগাঁ প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ , ৬:৩১:৫৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে স্থানীয় সংসদ সদস্যের অভিপ্রায়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এসব সরঞ্জাম দেওয়া হয়।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী চিকিৎসকদের হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের মধ্যে রক্তচাপ মাপার যন্ত্র (বিপি মেশিন), স্টেথোস্কোপ ও অ্যাপ্রন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম, উপজেলা প্রকৌশলী মো. শাহরিয়ার, পল্লী চিকিৎসক কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে পল্লী চিকিৎসক উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ডা. রইছ উদ্দিন ও পল্লী চিকিৎসক ওয়েলফেয়ার সমিতির মান্দা শাখার সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।















