সাতক্ষীরা প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ , ৫:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ
সুন্দরবনের গহিনে অবস্থিত দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও মেলায় অংশ নিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে ২১১ জন পুণ্যার্থী রওনা হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে বন বিভাগের তত্ত্বাবধানে সাতটি ট্রলারে করে তাঁরা দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত রুট ও নিয়ম মেনে পুণ্যার্থীরা দুবলার চরে পৌঁছাবেন। সেখানে রাস পূজা, পুণ্যস্নানসহ ধর্মীয় আচার শেষে আগামী মঙ্গলবার সকাল ৯টায় তাঁরা দুবলার চর থেকে সাতক্ষীরার উদ্দেশে ফিরবেন। যাত্রাপথে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং বন্যপ্রাণী ও পরিবেশের ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, পুণ্যার্থীদের নিরাপত্তায় সুন্দরবনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বন বিভাগের বিশেষায়িত ‘স্মার্ট টিম’-এর পাশাপাশি নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা নদীপথে আলাদাভাবে টহল ও নজরদারি চালাচ্ছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বনরক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন।















